সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

উখিয়ায় অর্ধকোটি টাকার ফার্নিচার জব্দ

Sahab Uddin
উখিয়ায় বনবিভাগ, র‌্যাব, পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে উপজেলার মরিচ্যা বাজার ষ্টেশন থেকে প্রায় অর্ধকোটি টাকার রকমারী ও বিলাস বহুল ফার্নিচার জব্দ করেছে। গতকাল সকাল ৮ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত শতাধিক দোকানে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জানাগেছে,উখিয়ার সংরতি বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে উপজেলার সোনারপাড়া, মরিচ্যা, কোটবাজার, উখিয়া সদর, থাইংখালী, পালংখালী ষ্টেশন ছাড়াও প্রত্যন্ত গ্রামের বসতবাড়ীতে প্রায় সহস্রাধিক অবৈধ ফার্নিচারের দোকান চলছে। এখানে তৈরী ফার্নিচার ঢাকা,চট্টগ্রামসহ  দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এসব ফার্নিচার দোকানকে উপলক্ষ্য করে বনের আশে পাশে বসানো হয়েছে ডজনাধিক অবৈধ মিনি স’মিল। 
বন রক্ষা করতে উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহাম্মদ জহিরুল ইসলাম অবৈধ স’মিল মালিকদের তার অফিসে তলব করলেও স’মিল সিন্ডিকেট মালিকরা ইউএনও’র ডাকে সাড়া দেয়নি। একারণে গতকাল সোমবার সকাল ৮ থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার মরিচ্যা বাজার ও ষ্টেশন ঘেরাও করে র‌্যাব,পুলিশ, বিজিবি ও বনকর্মীরা। খবর পেয়ে ফার্নিচার ব্যবসায়ীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে শতাধিক দোকানের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের চোরাই কাঠের তৈরী বিলাস বহুল খাট, আলনা, সোফা, চেয়ার, টেবিল, আলমারী, শো-কেস, ডাইনিং সেটসহ ফার্নিচার ও সাইজকৃত চিরাই কাঠ উদ্ধার করে।
এসময় বিভাগীয় বন কর্মকর্তা বিপূল কৃঞ্চ দাশ, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেড আফাজ উদ্দিন, র‌্যাব ৭ এর ডিএডি ফরিদ মিয়া, ১৭বিজিবি সুবেদার আবুল বাশার, এসিএফ আব্দুর রহমান, এসিএফ কাজল তালুকদার, বশিরুল আল মামুন,বন কর্মকর্তা স্বজল কান্তি পাল, মুহাম্মদ মোশারফ হোসেন, গাজী মতিউর রহমান, সূনীল দেব রায়, তাপস সান্যাল, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ তরিকুল ইসলাম, ও দারোগা বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
বিভাগীয় বন কর্মকর্তা বলেন, পর্যায়ক্রমে উপজেলার সদর ও কোটবাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে।
এদিকে উদ্ধারকৃত ফার্নিচার ছাড়িয়ে নিতে একটি মহল মোটা অংকের টাকা নিয়ে তদবির শুরু করেছে বলে প্রকাশ পায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন